হরমুজ প্রণালীতে চরম হুঁশিয়ারি ইরানের, আমেরিকার নিষেধাজ্ঞা মানলে কড়া পদক্ষেপের বার্তা
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা এক নতুন চরম সীমায় পৌঁছেছে। রবিবার ইরান সরকারের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যেসব দেশ আমেরিকার ইরান-বিরোধী নিষেধাজ্ঞা মেনে চলবে, তাদের বাণিজ্যিক জাহাজগুলো এই প্রণালী অতিক্রম করার সময় চরম অসুবিধার সম্মুখীন হবে। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেদেশের সেনার মুখপাত্র মহম্মদ আক্রমিনিয়া এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
নিষেধাজ্ঞার পাল্টা ‘নতুন আইনি কাঠামো’
মহম্মদ আক্রমিনিয়া জানিয়েছেন, ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালীতে একটি নতুন আইনি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে। এখন থেকে এই জলপথ দিয়ে যাতায়াতকারী যে কোনো জাহাজকে বাধ্যতামূলকভাবে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রক্ষা করতে হবে। মূলত আমেরিকা ও তার বন্ধু দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। আক্রমিনিয়া স্পষ্ট করে বলেন, যারা আমেরিকার হয়ে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ চাপাতে সাহায্য করবে, তাদের জন্য এই কৌশলগত জলপথটি আর সহজ থাকবে না।
পার্লামেন্টে ‘শত্রু দেশ’ বিরোধী বিলের খসড়া
এই হুঁশিয়ারি কেবল মৌখিক বার্তার মধ্যে সীমাবদ্ধ নেই; বিষয়টি আইনি রূপ দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে ইরান। সেদেশের পার্লামেন্টে বর্তমানে একটি বিশেষ বিলের খসড়া তৈরি করা হচ্ছে। এই প্রস্তাবিত আইনে ‘শত্রু দেশ’ হিসেবে চিহ্নিত রাষ্ট্রগুলোর জাহাজ চলাচল নিষিদ্ধ করার বা কঠোর নিয়ন্ত্রণ আরোপের সংস্থান রাখা হচ্ছে। ইরানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এই আইনটি একটি ‘প্রতিরোধমূলক’ ব্যবস্থা হিসেবে কাজ করবে।
বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে আশঙ্কার মেঘ
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমেরিকা-ইরান সংঘাতের জেরে এই অঞ্চলে জাহাজ চলাচল এমনিতেই সীমিত হয়ে পড়েছে। ইরানের এই সাম্প্রতিক হুঁশিয়ারি এবং প্রণালী নিয়ন্ত্রণের আইনি উদ্যোগ বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড়সড় অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কাতারসহ পার্শ্ববর্তী দেশগুলো এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ সমুদ্রপথের এই জটিলতা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও ঘনীভূত করতে পারে।