চিরকালের জন্য বাকিংহাম প্যালেস ছাড়ছেন রাজা চার্লস!
লন্ডনের ঐতিহাসিক বাকিংহাম প্যালেস চিরতরে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। ১৮৩৭ সাল থেকে ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্যবাহী ও স্থায়ী বাসস্থান হিসেবে পরিচিত এই প্রাসাদ ছেড়ে তাঁরা এখন থেকে ক্ল্যারেন্স হাউসে স্থায়ীভাবে বসবাস করবেন। ২০২৭ সালে বাকিংহাম প্যালেসের দীর্ঘমেয়াদি সংস্কার কাজ শেষ হওয়ার কথা থাকলেও, সেই কাজে প্রায় ৩৭ কোটি পাউন্ড ব্যয় হওয়া সত্ত্বেও রাজা ও রানি আর সেখানে ফিরে না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন।
রাজপ্রাসাদ সূত্রে জানা গেছে, রাজার বয়স এবং জনসাধারণের জন্য প্রাসাদটি আরও উন্মুক্ত রাখার সদিচ্ছার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সত্তরের কোঠার শেষ ভাগে থাকা রাজদম্পতি বিশাল কর্মীদল ও সরঞ্জাম নিয়ে স্থানান্তরের ধকল এড়াতে চাইছেন। এছাড়া রাজার অনুপস্থিতিতে বাকিংহাম প্যালেসে সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার বাড়বে, যা রাজতন্ত্রের প্রতি মানুষের সম্পৃক্ততা বাড়াতে সাহায্য করবে। তবে প্রাসাদটি পুরোপুরি বন্ধ হচ্ছে না; এটি রাজার প্রশাসনিক কার্যালয় এবং বিদেশি রাষ্ট্রনেতাদের আতিথ্য ও রাষ্ট্রীয় ভোজে আগের মতোই ব্যবহৃত হবে। ২০০৫ সাল থেকে ক্ল্যারেন্স হাউসে বসবাস করা রাজা চার্লস এখন একেই নিজেদের স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষণা করেছেন।