স্বামী-স্ত্রীর ড্রাগ সাম্রাজ্য, ৭ দিনে উদ্ধার ২৬ কোটির মাদক!
বিহারের পাটনায় একটি পরিবারের মাধ্যমে পরিচালিত আন্তর্জাতিক মাদক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। স্বামী সন্তোষ সাউ, স্ত্রী রেখা দেবী, শ্যালক এবং ভাসুর মিলে এই সিন্ডিকেট চালাতেন। গত এক সপ্তাহে পাটনা পুলিশের বিশেষ দল (DIU) ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত ৫০ কোটি টাকারও বেশি মূল্যের ব্রাউন সুগার, হেরোইন এবং স্ম্যাক উদ্ধার করেছে। এই চক্রের সাথে জড়িত সন্দেহে এ পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুলওয়ারিশরিফের গোপালপুর এবং সোরংপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১৫ কেজি স্ম্যাক ছাড়াও বিপুল পরিমাণ হেরোইন ও ব্রাউন সুগার উদ্ধার করেছে। একই সাথে আগ্নেয়াস্ত্র, গুলি, চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্করপিও গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। চক্রটির সদস্যরা মূলত উত্তরপ্রদেশ থেকে মাদক এনে পাটনার স্কুল-কলেজের শিক্ষার্থী এবং যুবসমাজের কাছে সরবরাহ করত। মাদক ব্যবসা থেকে অর্জিত কালো টাকা দিয়ে সন্তোষ সাউয়ের আত্মীয়দের নামে বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার জমি ও সম্পত্তি কেনা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। বর্তমানে মূল হোতা সন্তোষ সাউ, তার স্ত্রী রেখা দেবী ও সহযোগী সীমা কুমারীকে গ্রেপ্তারের জন্য পুলিশি তল্লাশি চলছে।