ডিজে মন্তব্য বিতর্ক, সিআইডি তলব নিয়ে বিস্ফোরক অভিষেক!
উস্কানিমূলক ও প্ররোচনামূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। আগামী ১৬ জুন বেলা ১১টায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে। শুক্রবার তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে এই নোটিস হস্তান্তর করেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়েছেন, লুকানোর কিছু নেই এবং তদন্তে তিনি সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, সিআইডি তদন্তে তিনি সর্বদা সহযোগিতা করে এসেছেন এবং এবারও করবেন। তবে জিজ্ঞাসাবাদের তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়া নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং এ বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন। উল্লেখ্য, একটি জনসভায় দেওয়া বিতর্কিত ‘ডিজে মন্তব্য’-এর জেরে তৃণমূল নেতার বিরুদ্ধে উস্কানি ও প্ররোচনার মামলা রুজু হয়েছে। এই তলবকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।