স্বামী সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ স্ত্রী

স্বামী সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ স্ত্রী

জমি কেলেঙ্কারি ও তোলাবাজির অভিযোগে ধৃত সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী সুস্মিতা ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত সুমিত রায়কে রক্ষাকবচ উঠে যাওয়ার পর পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি সাত দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। সুস্মিতা ঘোষের আশঙ্কা, পুলিশি হেফাজতে থাকাকালীন তাঁর স্বামীকে এনকাউন্টার করে মেরে ফেলার পরিকল্পনা করা হতে পারে। রাজ্যে সাম্প্রতিক কিছু এনকাউন্টারের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এই অভিযোগ তুলেছেন।

অভিযোগে আরও দাবি করা হয়েছে, পুলিশি হেফাজতে সুমিত রায়ের ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। সুমিত স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত এবং ঘুমের সময় তাঁর বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়, যা তাঁকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এছাড়া রাতের অন্ধকারে তদন্তের নামে তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যা তাঁর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পর্যাপ্ত বিশ্রাম থেকেও তাঁকে বঞ্চিত রাখা হচ্ছে বলে স্ত্রী জানিয়েছেন।

এই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাজ্য মানবাধিকার কমিশন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার, উস্তি থানার ওসি, কালীতলা আশুতি থানার ওসি এবং ডায়মন্ড হারবার থানার আইসিকে নোটিস পাঠিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। তদন্তের প্রতিটি পদক্ষেপে মানবাধিকার রক্ষা এবং অভিযুক্তের স্বাস্থ্যের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছে কমিশন। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টেয় এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *