স্বস্তির বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, উত্তরে জারি চরম সতর্কতা!
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গে স্বস্তিদায়ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে দুর্যোগের ঘনঘটা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে চরম বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় প্রায় ৬২ মিলিমিটার বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে, যেখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা এই বৃষ্টির কারণে উত্তরের পাহাড়ি ও সমতল এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়ছে।