স্ট্রংরুমে ‘পরিকল্পিত’ লোডশেডিং ও সিসিটিভি বিভ্রাট! রাত জেগে ভোট পাহারার ডাক মমতার

আজ ৪ মে, মহাগণনার সকালে সরগরম রাজ্য রাজনীতি। গণনার কয়েক ঘণ্টা আগে থেকেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে লোডশেডিং করে সিসিটিভি বন্ধ রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের রাত জেগে ভোট পাহারার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

নেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ

রবিবার গভীর রাতে সমাজমাধ্যমে এক দীর্ঘ পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, “সতর্ক থাকুন। পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন।” নেত্রীর দাবি অনুযায়ী, হুগলির শ্রীরামপুর, নদীয়ার কৃষ্ণনগর, বর্ধমানের আউশগ্রাম এবং কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে। এর ফলে সিসিটিভি বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই অন্ধকারের সুযোগে স্ট্রংরুমে সন্দেহজনক গাড়ি যাতায়াত করছে বলে তাঁর অভিযোগ।

বিজেপির দিকে আঙুল

মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে, এই সমস্তটাই হচ্ছে ‘বিজেপির অঙ্গুলিহেলনে’। কর্মীদের প্রতি তাঁর বার্তা, “আমি যেভাবে রাত জেগে সমস্ত বিষয়ের ওপর নজর রাখছি, আপনারাও সেভাবে জনগণের ভোট পাহারা দিন। কোথাও কোনও সন্দেহজনক পরিস্থিতি দেখলে তাঁদের ঘিরে ধরুন এবং তৎক্ষণাৎ সিসিটিভি ফুটেজ দাবি করুন।”

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণালের বিক্ষোভ

উল্লেখ্য, রবিবার রাতেই উত্তর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সিসিটিভি মনিটর বন্ধ হয়ে যাওয়া নিয়ে সরব হন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তিনি একটি ভিডিও পোস্ট করে দেখান যে মনিটরে ‘নো ভিডিও’ (No Video) লেখা ফুটে উঠছে। কুণালের প্রশ্ন, “ভেতরে কী হচ্ছে? স্ক্রিন কালো কেন? নো ভিডিও কেন লেখা এই রাতে?” এই ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতেও গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্ট্রংরুম নিয়ে চরম উত্তেজনা

দ্বিতীয় দফা ভোটের পর থেকেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাত তুঙ্গে। গত বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে। শশী পাঁজা এবং কুণাল ঘোষের মতো নেতারাও গণনাকেন্দ্রের বাইরে ধরনায় বসেছিলেন। আজ সকাল ৮টা থেকে গণনা শুরু হচ্ছে, তার আগে শাসক দলের এই ‘সতর্কবার্তা’ প্রশাসন ও নির্বাচন কমিশনের ওপর বাড়তি চাপ তৈরি করল।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *