স্কুলে খুদে ছাত্রীদের যৌন নিগ্রহ, গ্রেপ্তার তৃণমূল ঘনিষ্ঠ প্রধান শিক্ষক!
মালদহের প্রাথমিক স্কুলে ছাত্রীদের যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক
মালদহ: প্রাথমিক স্কুলের কোমলমতি ছাত্রীদের যৌন নিগ্রহের অভিযোগে মালদহের হবিবপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাকলিন মুস্তাককে। অভিযুক্ত শিক্ষক তৃণমূল শিক্ষা সেলের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। ওই কো-এড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে অশ্লীল ভিডিও দেখানোর অছিলায় যৌন নির্যাতন করা হতো বলে অভিযোগ। এক ছাত্রী বাড়িতে বিষয়টি জানিয়ে দিলে এই ন্যক্কারজনক ঘটনাটি জানাজানি হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয় অভিভাবকরা উত্তেজিত হয়ে স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন এবং অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরে মারধর করেন। খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারমুখী জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।