সোনিয়া গান্ধীর জীবন নিয়ে বায়োপিক তৈরির পরিকল্পনা কংগ্রেসের

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জীবন ও রাজনৈতিক যাত্রাকে কেন্দ্র করে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটি। সাঙ্গারেড্ডিতে দলের কর্মীদের এক বৈঠকে এই উদ্যোগের কথা ঘোষণা করেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জগ্গা রেড্ডি। তিনি দলীয় কর্মীদের এই সিনেমার জন্য নিজেদের সাধ্যমতো অর্থ সংগ্রহের আহ্বান জানিয়েছেন। জগ্গা রেড্ডির মতে, নির্বাচনের খরচের মতোই এই সিনেমা নির্মাণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।
এই বায়োপিকে সোনিয়া গান্ধীর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক, ইন্দিরা গান্ধীর পুত্রবধূ ও রাজীব গান্ধীর স্ত্রী হিসেবে তাঁর পথচলা এবং রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে বড় করে তোলার পাশাপাশি রাজনৈতিক দায়িত্ব সামলানোর কঠিন লড়াই। বিশেষ করে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে সোনিয়া গান্ধীর জীবনের চ্যালেঞ্জগুলোকেও ছবিতে গুরুত্ব দেওয়া হবে।
প্রস্তুতি পর্ব শেষ হলে সিনেমার শুটিং শুরুর জন্য মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি মহেশ কুমার গৌড়কে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া, সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর একাধিক কপি দলীয় কর্মীদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জগ্গা রেড্ডির দাবি, এর মাধ্যমে কর্মীরা সোনিয়া গান্ধীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও রাজনৈতিক দর্শনের গভীরতা সম্পর্কে আরও ভালোভাবে অবগত হতে পারবেন।