বিশ্ব ডায়াবেটিস দিবস: সুস্থ থাকতে হাঁটা ও শরীরচর্চার বার্তা হাওড়ায়

বিশ্ব ডায়াবেটিস দিবস: সুস্থ থাকতে হাঁটা ও শরীরচর্চার বার্তা হাওড়ায়

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হাওড়ায় আয়োজিত হলো এক বিশেষ ওয়াকাথন। শনিবার সকালে হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত হাঁটাচলা, শরীরচর্চা এবং সুষম খাদ্যাভ্যাসের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। চিকিৎসক গুরুপ্রসাদ ভট্টাচার্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার কথা বলেন। এছাড়া চিকিৎসক সঞ্জয় কে সাহা ও মৃদুল বেরা শারীরিক পরিশ্রমের প্রয়োজনীয়তা তুলে ধরে জানান, সচেতনতার মাধ্যমেই এই রোগ নিয়ন্ত্রণে রেখে সুস্থ জীবনযাপন করা সম্ভব।

উল্লেখ্য, ইনসুলিন আবিষ্কারক স্যার ফ্রেডেরিক ব্যানটিং-এর জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। ২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবের মাধ্যমে দিনটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায় এবং ২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। হাওড়ার এই পদযাত্রায় অংশগ্রহণকারীরা ডায়াবেটিস মোকাবিলায় সক্রিয় জীবনযাত্রার বার্তা প্রচার করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *