সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: তিরুপারঙ্কুন্দ্রম মন্দিরে প্রদীপ জ্বালাতে হবে, সাসপেন্ড ট্রাস্টি বোর্ড

তামিলনাড়ুর তিরুপারঙ্কুন্দ্রম মন্দিরে কার্তিগাই দীপম উৎসবের প্রদীপ জ্বালানো নিয়ে চলা বিতর্কে সুপ্রিম কোর্ট এক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। গত ২০ নভেম্বর শীর্ষ আদালত দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালানোর অনুমতি প্রদান করেছিল। কিন্তু, ২৪ নভেম্বর উৎসবের দিন সেই নির্দেশ কার্যকর হয়নি। পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীন পাথরের স্তম্ভের পরিবর্তে প্রথাগত উচিপিল্লাইয়ার মণ্ডপেই প্রদীপ প্রজ্বলিত করা হয়।
এই ঘটনাকে আদালত অবমাননা হিসেবে বিবেচনা করে শীর্ষ আদালত শুক্রবার নির্দেশ দিয়েছে যে, আগামীকালের মধ্যেই দীপথুন স্তম্ভে প্রদীপ জ্বালাতে হবে। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে তামিলনাড়ুর মুখ্যসচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, মাদুরাইয়ের জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং মন্দির কর্তৃপক্ষের সদস্যসহ মোট ১৫ জনকে আদালত অবমাননার নোটিস পাঠানো হয়েছে। ২০ নভেম্বরের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা হয়েছে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের কাছে জবাব তলব করেছে আদালত।
একইসঙ্গে মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রস্তাব দেন যে, কোনো স্বাধীন কর্তৃপক্ষের নজরদারিতে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করা হোক। প্রয়োজনে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথাও জানানো হয়েছে। এর আগে রাজ্য সরকার প্রদীপ না জ্বালানোর দায় মন্দির কর্তৃপক্ষের ওপর চাপিয়ে ক্ষমা প্রার্থনা করলেও, শীর্ষ আদালত এই বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে। বিচারবিভাগের নির্দেশ যে বাধ্যতামূলক এবং তা এড়ানোর কোনো সুযোগ নেই, তা এদিন স্পষ্ট করে দিয়েছে আদালত।