বল বিকৃতি কাণ্ড: নতুন তদন্ত নয়, ক্রিকেটারদের অভিজ্ঞতা শুনবে ক্রিকেট অস্ট্রেলিয়া

বল বিকৃতি কাণ্ড নিয়ে নতুন করে কোনো তদন্ত শুরু করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ওই সফরের সঙ্গে যুক্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের অভিজ্ঞতা ও মতামত শোনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামী ছয় সপ্তাহ ধরে এই প্রক্রিয়া চলবে। ইচ্ছুক ব্যক্তিরা এই সময়ের মধ্যে তাদের বক্তব্য জানাতে পারবেন।
পুরো বিষয়টি পরিচালনার জন্য বর্ষীয়ান আইনজীবী ফিয়োনা ম্যাকলয়েডকে দায়িত্ব দেওয়া হয়েছে। অংশগ্রহণকারীরা অনলাইন বৈঠক, লিখিত বিবৃতি বা তথ্যের মাধ্যমে তাদের মতামত জানাতে পারবেন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ঐচ্ছিক এবং অংশগ্রহণকারীদের আইনি সহায়তাও দেওয়া হবে।
ফিয়োনা ম্যাকলয়েড প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন এবং কারো বক্তব্যই প্রকাশ্যে আনা হবে না। নির্দিষ্ট সময়সীমা শেষে তিনি বোর্ডের কাছে একটি রিপোর্ট জমা দেবেন। তবে সেই রিপোর্টে ঘটনার বিস্তারিত বিবরণ থাকবে না, বরং আলোচনার মূল বিষয়বস্তু এবং সমাধানের উপায়গুলো উল্লেখ থাকবে।
এই ফোরামের মাধ্যমে মূলত সেই সফরে বল বিকৃতি সংক্রান্ত বিভিন্ন দিক এবং অন্যান্য কোনো ঘটনার সম্ভাবনা রয়েছে কি না, তা জানার চেষ্টা করা হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার আগের তদন্তের রিপোর্টের সঙ্গে এই নতুন প্রাপ্ত তথ্যগুলো মিলিয়ে দেখা হবে। এটি কোনো নতুন তদন্ত নয়, বরং সংশ্লিষ্টদের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সামগ্রিক চিত্র তুলে ধরাই বোর্ডের মূল লক্ষ্য।