সিঙ্গুরের পর এবার রাজারহাটে আসছে বিশ্বমানের তিরুপতি মন্দির! – বর্তমান বাংলা

রাজারহাটে তিরুপতির আদলে মন্দির গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজারহাটের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের নতুন নতুন উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে নিউটাউনের জঙ্গল সাফারি ও চিড়িয়াখানাকে আধুনিকীকরণের পরিকল্পনার কথাও জানান তিনি। তবে যে কোনো উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে ভূমিপুত্র ও আদি বাসিন্দাদের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত রাখা হবে বলে তিনি এদিন স্পষ্ট করে দেন। আগের সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার শুধুমাত্র সনাতনীদের সন্তুষ্ট করার কথা বললেও কাজের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
এই অনুষ্ঠানেই সবথেকে বড় ঘোষণাটি করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজারহাটে দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে একটি মন্দির গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মুম্বইয়ে মুকেশ আম্বানি ও অনন্ত আম্বানির সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাঁদের ১৭ একর জায়গা কিনে তিরুপতির আদলে মন্দির তৈরির প্রস্তাব দিয়েছিলাম। আম্বানি পরিবার আমার সেই প্রস্তাবে রাজি হয়েছে। আমি তাঁদের বলেছি, এমন মন্দির তৈরি করতে হবে যেখানে দর্শনার্থীদের বিনামূল্যে প্রসাদ দেওয়া হবে।’’
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে মুম্বইতে আম্বানিদের বাসভবন ‘অ্যান্টিলিয়া’-তে মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রী উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন। সেই বৈঠকে পশ্চিমবঙ্গে রিলায়েন্স গ্রুপের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনার বিষয়টি আলোচিত হয়েছিল। সেই আলোচনারই প্রতিফলন হিসেবে নিউটাউনে তিরুপতি মন্দির প্রতিষ্ঠার খবর সামনে আসায় রাজ্যজুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।