কালীপুজোর রাতে লাস্ট মেট্রো কখন, জেনে নিন রবিবারের শেষ সময়ের তালিকা! – বর্তমান বাংলা

কালীপুজোয় বিশেষ মেট্রো পরিষেবা: সময়সূচিতে বড় বদল ব্লু ও গ্রিন লাইনে
নিজস্ব প্রতিবেদন: প্রতিবছরের মতো এবারও কালীপুজোয় যাত্রীদের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে দর্শনার্থীদের যাতায়াতের কথা মাথায় রেখে রবিবার ব্লু এবং গ্রিন লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। একইসঙ্গে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতেও আনা হয়েছে বিশেষ পরিবর্তন।
ব্লু লাইন:
কালীপুজো উপলক্ষে ব্লু লাইনে প্রথম ও শেষ মেট্রোর সময় এগিয়ে আনা ও পিছিয়ে দেওয়া হয়েছে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। এছাড়া মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের প্রথম মেট্রো সকাল ৮টায় নির্ধারিত করা হয়েছে। শেষ মেট্রোর ক্ষেত্রেও সময় বাড়ানো হয়েছে— দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো রাত ১০টা ৪০ মিনিটে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ১১টায় এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত রাত ১১টায় ছাড়বে।
গ্রিন লাইন:
গ্রিন লাইনে ট্রেনের সংখ্যা ১১১ থেকে বাড়িয়ে ১২৩টি করা হয়েছে (আপ ৬১টি ও ডাউন ৬২টি)। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৮টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৮টা ২ মিনিটে ছাড়বে। উভয় প্রান্ত থেকেই শেষ মেট্রোর সময় রাত ১০টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ১১টা করা হয়েছে।
ইয়ালো লাইন:
ইয়ালো লাইনে (নোয়াপাড়া-বিমানবন্দর) মোট ৭৮টি রেক চলবে (আপ ও ডাউনে ৩৯টি করে)। তবে এই লাইনে সময়সূচির কোনো পরিবর্তন করা হয়নি। প্রথম মেট্রো সকাল ৯টা ১৮ মিনিট ও ৯টা ৪০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টা ও ৯টা ২০ মিনিটে অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, কালীপুজোর দিন পার্পল ও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।