সিআইডি-র লুকআউট নোটিশের মাঝেই আদালতের রক্ষাকবচ, স্বস্তিতে সুমিত রায়!
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক (পিএ) সুমিত রায়ের বিরুদ্ধে সিআইডি কর্তৃক জারি করা লুকআউট নোটিসের প্রেক্ষিতে তাঁকে সাময়িক স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলে আদালত নির্দেশ দেয় যে, আগামী শুক্রবার মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে পুলিশ কোনো কঠোর বা দমনমূলক আইনি পদক্ষেপ নিতে পারবে না। আদালতের এই মৌখিক নির্দেশের ফলে সিআইডি বা জেলা পুলিশের সম্ভাব্য গ্রেফতারি বা কড়া পদক্ষেপ থেকে সাময়িকভাবে রক্ষা পেলেন সুমিত রায়।
এর আগে সুমিত রায়ের খোঁজে মেদিনীপুরের শালবনি থানা ও পুলিশের বিশেষ দল গত শনিবার ভোররাতে কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অভিযান চালায়। মোবাইল টাওয়ার লোকেশন অনুসরণ করে দীর্ঘ তল্লাশি চালানো হলেও সেখানে তাঁকে পাওয়া যায়নি। একই দিনে হুগলির শ্রীরামপুরে সুমিত রায়ের শ্বশুরবাড়িতেও অভিযান চালিয়েছিল পুলিশ। টানা এই তল্লাশিতেও সুমিতের অবস্থান নিশ্চিত করা যায়নি। আদালতের এই আইনি সুরক্ষার পরও সুমিত রায়ের বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। তবে এই নির্দেশের ফলে শুক্রবারের পরবর্তী শুনানির আগে পর্যন্ত পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো আইনি তৎপরতা দেখাতে পারবে না।