সামরিক মৈত্রী জোরদার! ৩০০০ সেনা, যুদ্ধজাহাজ মোতায়েন, ভারত-রাশিয়া চুক্তির নতুন অধ্যায়!
ভারত-রাশিয়া সামরিক লজিস্টিক চুক্তি কার্যকর, প্রতিরক্ষা সহযোগিতা নতুন উচ্চতায়
ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ‘রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিকস সাপোর্ট’ (RELOS) চুক্তিটি ২০২৬ সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে উভয় দেশই এখন একে অপরের ভূখণ্ডে নির্দিষ্ট সংখ্যক সামরিক শক্তি মোতায়েন করতে পারবে। এই চুক্তির আওতায় প্রতিবার সর্বোচ্চ ৩,০০০ সৈন্য, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি সামরিক বিমান মোতায়েন করা যাবে। প্রাথমিকভাবে ৫ বছরের জন্য কার্যকর এই চুক্তিটি উভয় দেশের সম্মতিতে আরও ৫ বছর বাড়ানো সম্ভব। রাশিয়ার আইনসভা ও সংসদীয় কমিটির অনুমোদনের পর এই প্রতিরক্ষা সহযোগিতা জোরদার হয়েছে।
এই চুক্তির ফলে ভারত ও রাশিয়া একে অপরের বিমানঘাঁটি ও বন্দর ব্যবহারের সুবিধা পাবে। বিশেষত, ভারতের জন্য রাশিয়ার আর্কটিক অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার বৃদ্ধি পাবে। এছাড়া যুদ্ধজাহাজের মেরামত, রক্ষণাবেক্ষণ, খাদ্য ও জ্বালানি সরবরাহসহ প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এখন অনেক সহজ হবে। যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং মানবিক বিপর্যয় মোকাবিলায় এই পরিকাঠামোগত সুবিধা কাজে লাগানো হবে। পশ্চিম এশিয়া ও ইউক্রেন সংঘাতের বর্তমান প্রেক্ষাপটে এই সামরিক আদান-প্রদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই চুক্তি ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত রুশ সমরাস্ত্রের মেরামত ও যন্ত্রাংশ সংগ্রহের জটিলতা নিরসনে সহায়ক হবে এবং দূরপাল্লার সামরিক অভিযানের ক্ষেত্রে লজিস্টিক খরচ কমানোর পাশাপাশি কৌশলগত সমন্বয় বৃদ্ধি করবে।