ডিভোর্সের ক্ষত ভুলে ফের প্রেমে পড়লেন জিতু কমল! ক্যামেরার সামনেই সৃজলাকে বললেন ভালোবাসি – বর্তমান বাংলা

বিগ বসের ঘরে সৃজলাকে প্রেম নিবেদন জিতু কমলের
বিনোদন ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে এবার রিয়ালিটি শো ‘বিগ বস’-এর ক্যামেরার সামনেই সরাসরি অভিনেত্রী সৃজলাকে প্রেম নিবেদন করলেন অভিনেতা জিতু কমল। শো-এর সাম্প্রতিক এক প্রোমোতে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে ব্যাপক শোরগোল।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বিগ বস হাউসের গার্ডেন এরিয়ায় দাঁড়িয়ে সৃজলাকে উদ্দেশ্য করে জিতু স্পষ্ট ভাষায় বলছেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ প্রিয় অভিনেতার কাছ থেকে এমন অপ্রত্যাশিত প্রস্তাব পেয়ে সৃজলাকেও কিছুটা লজ্জিত ও বিব্রত হতে দেখা গেছে। এর আগে থেকেই শোয়ের অন্দরে দুজনকে একে অপরের ছায়াসঙ্গী হিসেবে দেখা যাচ্ছিল। তাঁদের বিভিন্ন কথোপকথনেও সম্পর্কের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সৃজলাকেও এক পর্যায়ে জিতুর কাছে জানতে চাইতে দেখা গেছে, তিনি কেন তাঁকে ভালোবাসলেন বা কার প্রেমে পড়লেন।
উল্লেখ্য, অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছেন জিতু কমল। অন্যদিকে, সৃজলার নাম এর আগে গায়ক দুর্নিবারের সঙ্গে জড়িয়ে চর্চায় উঠে এলেও, বর্তমান সমীকরণে জিতু-সৃজলার রসায়নই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জিতু ও সৃজলার এই অনস্ক্রিন ঘনিষ্ঠতা কি কেবলই রিয়ালিটি শোয়ের গেমপ্ল্যান, নাকি টলিপাড়ার এই জনপ্রিয় তারকার জীবনে সত্যিই নতুন প্রেমের সূচনা হলো—তা নিয়ে দর্শকমহলে কৌতুহল তুঙ্গে। বিষয়টি স্পষ্ট হবে আগামী পর্বগুলোর সম্প্রচারে।