সাগরদিঘিতে অবৈধ পশুজবাই: চারজন গ্রেফতার, তদন্তে পুলিশ

মুর্শিদাবাদের সাগরদিঘি থানার হাজিপুর এলাকায় অবৈধভাবে পশুজবাই করার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায় এবং তাদের আটক করে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাংস মাটিতে পুঁতে নষ্ট করে দেওয়া হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং মাংস কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছে।

পুলিশের দাবি, কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই ওই নির্জন স্থানে পশুজবাই করা হচ্ছিল। ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন অনুযায়ী, প্রশাসনের অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা করা নিষিদ্ধ। এছাড়া ১৪ বছরের কম বয়সী গবাদি পশু জবাই করা আইনত দণ্ডনীয়। মাংস কাটার ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ বা প্রাণিসম্পদ দফতরের লিখিত অনুমতি থাকা বাধ্যতামূলক। কলকাতা হাইকোর্টও এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের নির্দেশ বহাল রেখেছে।

উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী রাজ্যে গোহত্যা বন্ধের বিষয়ে বিল আনার পরিকল্পনার কথা জানিয়েছেন। অনেক জায়গায় লুকিয়ে গোহত্যা চলছে বলে অভিযোগ ওঠার প্রেক্ষিতেই এই পদক্ষেপের কথা বলা হয়েছে। সাগরদিঘির ঘটনায় ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *