যৌন নিগ্রহের সংজ্ঞায় নতুন মাত্রা: পকসো মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টের ঐতিহাসিক রায়

মধ্যপ্রদেশ হাইকোর্ট পকসো আইনের ৭ নম্বর ধারার এক যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছে। আদালত জানিয়েছে, যৌন অভিপ্রায়ে শারীরিক স্পর্শই যৌন নিগ্রহ হিসেবে গণ্য হবে, এর জন্য পেনিট্রেশন বা অনুপ্রবেশ ঘটানো বাধ্যতামূলক নয়। এই রায় যৌন নিগ্রহের সংজ্ঞায় এক নতুন মাত্রা যোগ করল।
ঘটনার সূত্রপাত ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর। ইন্দোরে এক ১২ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে ইউসুফ নামে এক রাজমিস্ত্রিকে নিম্ন আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অভিযুক্ত হাইকোর্টে আবেদন করেন।
অভিযুক্ত ইউসুফের দাবি ছিল, বকেয়া মজুরি নিয়ে বিবাদের জেরে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে হাইকোর্ট এই দাবি খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, বকেয়া মজুরি সংক্রান্ত দাবির সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। এছাড়াও, আদালত স্পষ্ট করে দিয়েছে যে, বয়ানে সামান্য অমিল থাকলেও মামলার মূল ভিত্তি নড়ে না। নাবালিকার জন্মের শংসাপত্র এবং স্কুলের নথি থেকে তার বয়স নিশ্চিত করা হয়েছে।
আদালত আরও পর্যবেক্ষণ করেছে যে, যৌন অপরাধের ক্ষেত্রে নির্যাতিতার নির্ভরযোগ্য সাক্ষ্যই দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। পুলিশের কাছে দেওয়া বয়ান এবং আদালতে সাক্ষ্য দেওয়ার সময় বক্তব্যে সামান্য পার্থক্য থাকা স্বাভাবিক। সমস্ত দিক বিবেচনা করে মধ্যপ্রদেশ হাইকোর্ট নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছে।