সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণ, কেন ক্ষুব্ধ সাড়ে চারশো আইন পড়ুয়া?
হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সূর্য কান্তকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাড়ে চারশোর বেশি শিক্ষার্থী। যন্তর মন্তরে প্রতিবাদীদের মামলা সংক্রান্ত শুনানিতে প্রধান বিচারপতির একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে এই প্রতিবাদের সূত্রপাত হয়েছে। শিক্ষার্থীরা ওই মন্তব্যকে ছাত্রসমাজের প্রতি চরম উদাসীনতা হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, এই ধরনের মনোভাবাপন্ন ব্যক্তির হাত থেকে ডিগ্রি গ্রহণ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। অবিলম্বে এই আমন্ত্রণ পুনর্বিবেচনার জন্য তারা কলেজ কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন জানিয়েছেন।
এর আগে গত সপ্তাহে মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসেও (টিআইএসএস) প্রধান বিচারপতিকে কেন্দ্র করে অনুরূপ পরিস্থিতি তৈরি হয়েছিল, যার জেরে নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত সমাবর্তন অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। হায়দরাবাদের আইন কলেজেও একই ঘটনার পুনরাবৃত্তিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের দাবি, আইনি শিক্ষাপ্রতিষ্ঠানে যে নৈতিক মূল্যবোধ শিক্ষা দেওয়া হয়, প্রধান বিচারপতির বর্তমান ভূমিকা তার পরিপন্থী। এই নজিরবিহীন প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে কলেজ কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার বিষয়।