সমাজমাধ্যমে পোস্ট ঘিরে বিতর্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থানায় তলব পুলিশের

সমাজমাধ্যমে করা একটি পোস্টের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ভবানীপুর থানা। গত ২ মে এক্স হ্যান্ডেলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে একটি পোস্ট করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। ওই পোস্টের ভিত্তিতেই ২৭ মে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্তের স্বার্থে শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিষেকের ওই পোস্টের বিরুদ্ধে ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগকারীর দাবি, মুখ্য নির্বাচন কমিশনারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে কটাক্ষ করে ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছেন সাংসদ। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিদ্বেষ ছড়ানো, হিংসাত্মক আহ্বান, বিশৃঙ্খলা সৃষ্টি এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগকারীর মতে, সাংসদ হিসেবে শপথ নেওয়ার পরেও অভিষেক সমগ্র গুজরাতি সম্প্রদায়কে ‘গ্যাং’ বা অপরাধী চক্র হিসেবে উল্লেখ করেছেন, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর। উল্লেখ্য, এর আগে শুক্রবার অন্য একটি মামলায় গিরিশ পার্ক থানা থেকেও অভিষেককে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া সেই মামলায় তাঁকে আগামী ২০ নভেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। সব মিলিয়ে আইনি জটিলতায় পড়েছেন তৃণমূলের এই শীর্ষ নেতা।