সমবায় নিয়ে শুভেন্দুর তোপ, মমতাকে ধুয়ে দিলেন বিরোধী দলনেতা! – বর্তমান বাংলা

সমবায় নিয়ে শুভেন্দুর তোপ, মমতাকে ধুয়ে দিলেন বিরোধী দলনেতা! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের শাসনে পশ্চিমবঙ্গের সমবায় সমিতিগুলি সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে বলে সোচ্চার হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমবায়কে রাজ্যের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং নারী ক্ষমতায়নের মূল ভিত্তি হিসেবে বর্ণনা করে তিনি অভিযোগ করেন, রাজ্যের প্রায় ৬ হাজার সমবায়ের মধ্যে ২ হাজারই বর্তমানে নিষ্ক্রিয়।

সোমবার নন্দীগ্রামের সরকারি কর্মসূচি শেষে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ‘মহিলা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড’-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। ওই সংস্থার ২৩ হাজার মহিলা সদস্যের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, বর্ষাকাল না হলে কাজী নজরুল ইসলাম কাছারি ময়দানে বিশাল সমাবেশ করা যেত।

পুরোনো আমলের অভিজ্ঞতা স্মরণ করে শুভেন্দু নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, “ওই সরকারে কিছুটা সময় আমিও ছিলাম, কিন্তু কী করবেন! পোস্ট তো একটাই, বাকি সকলেই ল্যাম্পপোস্ট ছিল। বোঝাতে গেলেও বুঝত না, বলত— ‘আমি তো সব জানি’। আমি বলি, ‘না, আমি সামান্যই জানি এবং প্রতিনিয়ত অনেক কিছু শিখছি’।”

অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন সমবায় মন্ত্রী সরল দেবের অবদানের কথা স্মরণ করে বিরোধী দলনেতা বলেন, ৩৫ বছর আগে রোপণ করা একটি ছোট্ট বীজ আজ প্রকাণ্ড বৃক্ষে পরিণত হয়েছে। স্বামী বিবেকানন্দের ‘চরৈবেতি’ মন্ত্রকে পাথেয় করে এই সংস্থা আগামীতে আরও বড় আকার ধারণ করবে বলে তিনি আশাপ্রকাশ করেন। পাশাপাশি, রাজ্য খাদ্য ও সমবায় দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া এবং জেলাশাসক শিল্পা গৌরীসারিয়ার উপস্থিতিতে তিনি এই সমবায় আন্দোলনকে সমগ্র জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *