গাছের ডাল কেটে বিক্রি! গলসিতে বিজেপি নেতাদের ঘিরে তোলপাড়। – বর্তমান বাংলা
বর্তমান ডেস্কঃ
বর্ধমান: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যত্ন করে বড় করা গাছের ডাল কেটে বিক্রি করার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গলসির গলিগ্রাম। এই ঘটনার পেছনে স্থানীয় বিজেপি নেতৃত্বের হাত রয়েছে—এমন অভিযোগ তুলে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুব্ধ মহিলারা।
ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায়, গলিগ্রামের গুসকরা মোড়ে। সেখানে বিজেপি-র ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক তাপস কর্মকার, শক্তিকেন্দ্র প্রমুখ সঞ্জয় মেটে এবং কিষান মোর্চার মণ্ডল সভাপতি ঝুলন দত্তকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান প্রায় ৫০ জন মহিলা।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বক্তব্য, প্রায় পাঁচ বছর আগে গলিগ্রাম ক্যানাল পুল থেকে রেলগেট পর্যন্ত সেচ ক্যানালের দুই পাড়ে ১৩টি গোষ্ঠীর উদ্যেগে প্রায় এক হাজার গাছ লাগানো হয়েছিল। শিশু, শিরীষ, সেগুন, মেহগনি ও কদমের মতো সেই বহুমূল্য গাছগুলির দেখভাল এত দিন ধরে তাঁরাই করে আসছেন।
গোষ্ঠীর সদস্য পিরুবালা বাগদি অভিযোগ করেন, সম্প্রতি তাঁদের অজান্তেই বেশ কিছু বড় গাছের ডাল কেটে বিক্রি করে দেওয়া হয়, যা মূলত প্রাকৃতিক রং তৈরিতে ব্যবহৃত হয়। সেই ডাল বিক্রি করে প্রায় ১০ হাজার টাকা পাওয়া গেলেও, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের না দিয়ে সেই টাকা অন্যত্র দিয়ে দেওয়া হয়েছে। একই ক্ষোভ প্রকাশ করেছেন জীবন বাগদি নামের অপর এক সদস্যও। তাঁদের স্পষ্ট দাবি, প্রাপ্য টাকা না পেলে তাঁরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা তাপস কর্মকার। তাঁর দাবি, কিছু দুষ্কৃতী ডাল কাটার চেষ্টা করছিল এবং তাঁরাই তা প্রতিহত করেন। সেই সঙ্গে উদ্ধার হওয়া টাকা গ্রামের মনসা ও কালী মন্দিরে দান করে দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিজেপির কিষান মোর্চার সভাপতি ঝুলন দত্তও দাবি করেছেন, তাঁরাই বরং গাছ কাটা রুখেছেন।