সবার জন্য এআই, প্যারিসের মঞ্চে ঐতিহাসিক ডাক দিলেন মোদী!
ফ্রান্সের প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ‘ভিভাটেক ২০২৬’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তিকে আরও গণমুখী করার আহ্বান জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তির প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন এর সুবিধা সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছায়। এই সম্মেলনে ভারতকে ‘এআই পার্টনার কান্ট্রি’ হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান।
ভারতে বিনিয়োগের অনুকূল পরিবেশ ও ডিজিটাল বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত এক দশকে বিশ্বমানের ডিজিটাল পরিচয় ব্যবস্থা এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে ভারত এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। সম্মেলনে স্থাপিত ‘ইন্ডিয়া প্যাভিলিয়ন’-এ বিশ্বের প্রথম থ্রিডি-প্রিন্টেড রকেট ইঞ্জিন, উন্নত জেনেটিক থেরাপি এবং ক্যান্সার শনাক্তকারী এআই প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ‘অল ইনক্লুসিভ’ বা সর্বজনীন অন্তর্ভুক্তির মাধ্যম হিসেবে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী ফরাসি শিল্পপতিদের সঙ্গে বিভিন্ন খাতের উন্নয়ন নিয়ে বৈঠক করেছেন। ভারতকে ভবিষ্যতের প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করাই এই সফরের মূল লক্ষ্য।