সংরক্ষণ ইস্যুতে অখিলেশকে তোপ শাহের, মুসলিম মহিলাদের আসন ঘিরে তুঙ্গে বিতর্ক!
বর্তমান ডেস্কঃ
সংসদে জনগণনা, জাতিগত গণনা এবং নারী সংরক্ষণ বিল নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার লোকসভার অধিবেশনে তিনি স্পষ্ট জানান, দেশে জনগণনা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সরকার জাতিগত গণনা করার সিদ্ধান্ত নিয়েছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের প্রশ্নের জবাবে শাহ বলেন, এই গণনার মাধ্যমেই তথ্য সংগ্রহের কাজ চলছে। একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, সমাজবাদী পার্টি চাইলে তাদের সব আসন মুসলিম মহিলাদের দিতে পারে, এতে তাঁর কোনো আপত্তি নেই।
অন্যদিকে, ধর্মের ভিত্তিতে সংরক্ষণের দাবিকে অসাংবিধানিক বলে খারিজ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রদান সংবিধানবিরোধী। এদিকে, নারী সংরক্ষণ বিল নিয়ে সরকারের ভূমিকা ও বিল পাশের পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। তিনি অভিযোগ করেন, এই বিল নিয়ে কোনো আলোচনা হয়নি এবং সাংসদদের মতামত নেওয়া হয়নি। নির্বাচন চলাকালীন এই বিল পেশ করাকে তিনি ‘নাটক’ হিসেবে অভিহিত করে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের অভিযোগ তুলেছেন।