চীন-আমেরিকা কি এবার সম্মুখসমরে? হরমুজের বদলা নিতে স্কয়ারবোরো অবরোধে বেজিং!
বর্তমান ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরে নিজেদের অবস্থান শক্তিশালী করছে চীন। বিতর্কিত সামুদ্রিক এলাকা স্কারবোরো শোলের প্রবেশপথে বেইজিং প্রায় ৩৫০ মিটার দীর্ঘ ভাসমান বাধা তৈরির পাশাপাশি অসংখ্য মাছ ধরার নৌকা ও উপকূলরক্ষী জাহাজ মোতায়েন করেছে। স্যাটেলাইট চিত্রে স্পষ্ট যে, চীন এই কৌশল অবলম্বনের মাধ্যমে ফিলিপিন্সের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত অঞ্চলটিতে অন্য কারো প্রবেশাধিকার বন্ধ করার চেষ্টা করছে।
এই এলাকাটি সমৃদ্ধ মৎস্যক্ষেত্র হওয়ায় ফিলিপিনো জেলেরা দীর্ঘদিন ধরে এখানে যাতায়াত করে আসছেন, তবে চীন পুরো অঞ্চলটির ওপর নিজস্ব মালিকানা দাবি করে আসছে। ফিলিপিন্সের অভিযোগ, চীন ‘সামুদ্রিক মিলিশিয়া’ ব্যবহার করে ক্রমাগত চাপ সৃষ্টি করছে এবং স্থানীয় জেলেদের তাড়িয়ে দিচ্ছে। বেইজিংয়ের এই আগ্রাসী পদক্ষেপের মোকাবিলায় ফিলিপিন্সও ওই এলাকায় নিজেদের নৌবাহিনী ও উপকূলরক্ষী জাহাজ পাঠিয়েছে। এই পরিস্থিতিতে ফিলিপিন্সের পক্ষে দাঁড়িয়েছে আমেরিকা, যার ফলে দক্ষিণ চীন সাগরে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়ছে।