শুভেন্দুদের কড়া বার্তা, কলকাতায় বিজেপির মেগা কর্মশালায় তোলপাড়!
রাজ্যে প্রশাসনিক কাজের গতি ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে কলকাতায় একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল, সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যসহ দলের শীর্ষ নেতৃত্ব। মূলত মন্ত্রীদের কাজের দক্ষতা বাড়ানো, সরকারি সুশাসন নিশ্চিত করা এবং দলের সঙ্গে প্রশাসনিক কাজের নিবিড় সমন্বয় বজায় রাখাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণ শিবিরে মন্ত্রীদের জন্য একাধিক কঠোর নির্দেশিকা জারি করেছে দলীয় নেতৃত্ব। সরকারি ফাইল বা জনকল্যাণমূলক কাজ অযথা আটকে না রাখা এবং উন্নয়নের বরাদ্দ তহবিল যাতে অব্যবহৃত থেকে ফেরত না যায়, সে বিষয়ে মন্ত্রীদের সরাসরি নজর রাখতে বলা হয়েছে। একইসঙ্গে জেলা পর্যায় থেকে আসা সাধারণ মানুষের দাবি ও সমস্যা দ্রুত সমাধান এবং প্রশাসনের নিরপেক্ষ ভাবমূর্তি রক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া, সরকারি ফাইল দ্রুত নিষ্পত্তি, বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয় এবং রাজ্যে কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রীর আসন্ন রাজ্য সফরের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।