শিশু ইউনিটের নামে কোটি টাকার দুর্নীতি! গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ
তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী ও দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। আজ কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে কোচবিহার থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। বর্তমানে তাঁকে ফুলবাগান থানায় রাখা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে ট্রানজিট রিমান্ডে কোচবিহারে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। গ্রেফতারের সময় প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ঠিক কী কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি অবহিত নন।
উদয়ন গুহের বিরুদ্ধে প্রধান অভিযোগটি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ের। জানা গেছে, সরকারি হাসপাতালে ‘শিশুমঙ্গল সমিতি’-র নামে তিনি প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা তোলা আদায় করলেও, বাস্তবে সেই খাতে ৪০ থেকে ৪৫ লাখ টাকারও কাজ হয়নি। রূপম সাহা নামে এক ব্যক্তির দায়ের করা এই অভিযোগ ছাড়াও তাঁর বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকা এবং আবাস যোজনার টাকায় ‘কাটমানি’ নেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।