শওকতপুত্রের বেআইনি ক্যাফে ধ্বংস করলো প্রশাসন!
মাতলা নদীর চর ও সেচ দপ্তরের জমি দখল করে গড়ে তোলা বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কূলে’ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ও ক্যাফের মালিক ইমরান মোল্লাকে এ বিষয়ে একটি নোটিস পাঠিয়েছেন মহকুমাশাসক। আগামী ২৯ জুনের মধ্যে মালিকপক্ষকে নিজ দায়িত্বে ওই অবৈধ নির্মাণ সরিয়ে ফেলার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে প্রশাসন বুলডোজার চালিয়ে ক্যাফেটি গুঁড়িয়ে দেবে বলে জানানো হয়েছে।
ক্যানিংয়ের মৌখালি সেতু সংলগ্ন সরকারি জমি দখল করে এই ক্যাফে নির্মাণ করা হয়েছিল। এনআইএ-র হাতে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ার পর ক্যাফেটির আইনি নথিপত্র তলব করে মহকুমা শাসকের দপ্তর। নথিপত্র পরীক্ষার পর প্রশাসন নিশ্চিত হয়েছে যে, কোনো বৈধ অনুমতি ছাড়াই সরকারি জমি দখল করে এই ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল। এই ঘটনার পর এখন ওই এলাকায় মাতলা নদীর তীরবর্তী অন্যান্য দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বৈধতা নিয়েও নথিপত্র পরীক্ষার কাজ শুরু করেছে জেলা প্রশাসন।