লোকসভায় মোদী সরকারের বড় ধাক্কা!
নারী সংরক্ষণ সংশোধনী বিল লোকসভায় পরাজিত, মোদী সরকারের বড় ধাক্কা
ভারতের সংসদীয় গণতন্ত্রে নজিরবিহীন ঘটনা। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে লোকসভায় একচ্ছত্র আধিপত্য বজায় রাখা মোদী সরকারের নারী সংরক্ষণ সংশোধনী বিলটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শেষ পর্যন্ত পাস হতে ব্যর্থ হয়েছে। ১২ বছরের শাসনামলে এই প্রথম কোনো সরকারি বিল নিম্নকক্ষে পরাজিত হওয়ার নজির তৈরি হলো। শুক্রবার সন্ধ্যায় চরম নাটকীয়তার মধ্য দিয়ে এই বিলের ওপর ভোটাভুটি সম্পন্ন হয়, যেখানে সরকারের পক্ষে ২৯৮টি ভোট এবং বিপক্ষে ২৩৩টি ভোট পড়ে। সংবিধান সংশোধনী বিল পাসের জন্য উপস্থিত সদস্যদের অন্তত দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিল, যা ছিল ৩৫২টি।
এই পরাজয়ের নেপথ্যে প্রধান কারণ আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শর্ত। যদিও বিরোধীরা নারী সংরক্ষণের মূল ধারণার বিরোধী ছিলেন না, তবে আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার সরকারি প্রস্তাব নিয়ে তাদের তীব্র আপত্তি ছিল। বিরোধীদের দাবি, বর্তমান আসন বিন্যাস বজায় রেখেই নারী সংরক্ষণ কার্যকর করা সম্ভব ছিল। তারা এই শর্ত আরোপকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হিসেবে আখ্যা দিয়ে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানায়। এই মতপার্থক্যই শেষ পর্যন্ত বিলটিকে লোকসভায় পরাজিত হতে বাধ্য করে।