ইরান ইউরেনিয়াম আমেরিকায়? ট্রাম্পের রহস্যময় পরিকল্পনা!
ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের দাবিতে অনড় ট্রাম্প, তেহরানের পাল্টা হুঙ্কার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ঘোর আপত্তি সত্ত্বেও ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ব্যাপারে নিজের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। অ্যারিজোনার ফিনিক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে ইউরেনিয়াম সরাতে বিশাল আকৃতির খননকারী যন্ত্র বা ‘মেগা এক্সক্যাভেটর’ ব্যবহার করা হবে। ট্রাম্পের মতে, এই প্রক্রিয়াটি ইরানের সঙ্গে যৌথভাবে সম্পন্ন করবে আমেরিকা এবং খুব দ্রুতই সেই ‘নিউক্লিয়ার ডাস্ট’ মার্কিন মাটিতে পৌঁছে যাবে। তিনি আরও স্পষ্ট করেছেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নিষ্ক্রিয় করতে তিনি এক বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন এবং বিশ্বের সবথেকে বড় বড় খননকারী যন্ত্র দিয়ে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বের করে আনা হবে।
অন্যদিকে, ইরান সরকার শুরু থেকেই তাদের ইউরেনিয়াম ভাণ্ডার হস্তান্তরের বিষয়টি নাকচ করে আসছে। দেশটির বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার ইরান ছেড়ে অন্য কোথাও যাবে না। ওয়াশিংটনের দীর্ঘদিনের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেই এই ইউরেনিয়াম মজুত করছে। এই টানাপড়েনের ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ট্রাম্পের বিশ্বাস, শেষ পর্যন্ত কূটনীতি বা চাপের মুখে ইরান এই শর্ত মেনে নিতে বাধ্য হবে। ট্রাম্পের এই ‘সাফাই অভিযান’ সফল হলে ইরানের পারমাণবিক সক্ষমতা কার্যত শূন্যে নেমে আসবে, যা ওই অঞ্চলে মার্কিন প্রভাবকে আরও শক্তিশালী করবে।