রিষড়ায় স্ত্রীকে গলা কেটে খুন, কয়েক ঘণ্টার মধ্যেই মেট্রোর লাইনে ঝাঁপ প্রাণ হারালেন স্বামী!
হুগলির রিষড়ার তিন নম্বর গভর্নমেন্ট কলোনিতে স্ত্রীকে খুনের পর আত্মঘাতী হলেন স্বামী। শনিবার সকালে নিজ বাড়ি থেকে মনিকা সরকার নামে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারের পরই চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, পরকীয়া সন্দেহের জেরে শুক্রবার রাতে স্ত্রীকে শ্বাসরোধ ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন তাঁর স্বামী দীপঙ্কর সরকার। ঘটনার কয়েক ঘণ্টা পর দুপুরে বেলগাছিয়া মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেন।
রিষড়ায় নিহত গৃহবধূর দেহ উদ্ধারের পর থেকেই অভিযুক্ত স্বামী দীপঙ্কর সরকার পলাতক ছিলেন এবং তাঁর খোঁজে তল্লাশি চালায় চন্দননগর পুলিশ। পরবর্তী সময়ে বেলগাছিয়া স্টেশনে লাইনে ঝাঁপ দেওয়া ব্যক্তিটিই যে দীপঙ্কর, তা পুলিশ নিশ্চিত করে। এই ঘটনার জেরে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা কিছু সময়ের জন্য ব্যাহত হয়। নিহত দম্পতির ছয় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে রিষড়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে পরকীয়া সন্দেহের বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছেন ডিসি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস।