রামমন্দিরে ৩৫০০ কোটির আর্থিক গরমিল, অডিটের সতর্কবার্তায় তোলপাড়!

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া হাজার হাজার কোটি টাকার অনুদান ও মূল্যবান সামগ্রীর হিসাব না মেলার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা গেছে, ২০২০ সালে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর অভ্যন্তরীণ অডিট রিপোর্টে আর্থিক ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটির বিষয়ে সতর্ক করা হয়েছিল। সে সময় অডিটররা ট্রাস্টের কার্যকলাপে পেশাদারিত্বের অভাব, সুনির্দিষ্ট নিয়মনীতি বা এসওপি (SOP) না থাকা এবং আধুনিক ডেটাবেসের অনুপস্থিতির কথা উল্লেখ করলেও তা কার্যত উপেক্ষা করা হয়।

গত পাঁচ বছরে রামমন্দিরের তহবিলে প্রায় ৩,৫০০ কোটি টাকা নগদ অনুদান ছাড়াও বিপুল পরিমাণ সোনা, রুপো ও হিরের গয়না জমা পড়েছে। ২০২০ সালের অডিট রিপোর্ট অনুযায়ী, এই সম্পদের হিসাব রাখার জন্য কোনো সেকেন্ড বা থার্ড লেভেল ভেরিফিকেশন ব্যবস্থা ছিল না। ট্রাস্টে দক্ষ কর্মী নিয়োগের জন্য এইচআর বিভাগ, ব্যাংকের হিসাব মেলানোর সঠিক পরিকাঠামো এবং আধুনিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তার অভাব ছিল। এছাড়া গয়নাগাটির জন্য পৃথক স্টক রেজিস্টার তৈরির মতো জরুরি সুপারিশও সে সময় গ্রাহ্য করা হয়নি।

প্রাথমিক সতর্কতা উপেক্ষা করায় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকার একটি উচ্চপর্যায়ের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে, যারা ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। রামমন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগ জনমানসে ও রাজনৈতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি করেছে এবং স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় ট্রাস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *