রাজ্যে ১২০০ ফ্রি বেড, বেসরকারি হাসপাতালেও মিলবে বিনামূল্যে বিশ্বমানের চিকিৎসা!

রাজ্যের সাধারণ মানুষের জন্য বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ বাড়াতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। শনিবার স্বাস্থ্য ভবনে বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর আরও ৪০টি হাসপাতাল থেকে প্রায় ১,২০০টি বেড সরকারি পরিষেবার আওতায় আনার বিষয়ে নীতিগত সম্মতি মিলেছে। এর আগে কলকাতার ১৭টি বেসরকারি হাসপাতাল থেকে ৬৬০টি বেড পাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন অনুযায়ী, ১০ শতাংশ সংরক্ষিত বেডে ভর্তি রোগীদের বেড চার্জ, চিকিৎসকের ফি, অস্ত্রোপচার ও ওষুধপত্রসহ সমস্ত চিকিৎসা খরচ এবার হাসপাতাল কর্তৃপক্ষকেই বহন করতে হবে। সরকারি রেফারেল ব্যবস্থার মাধ্যমে আসা রোগীরা এই সুবিধা পাবেন এবং তাঁদের থেকে কোনো খরচ নেওয়া যাবে না।

নতুন নির্দেশনায় জরুরি পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্ঘটনা, হৃদরোগ, স্ট্রোক বা প্রসূতি সংক্রান্ত জরুরি রোগীদের কোনো অজুহাতেই ফেরানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এই পরিষেবা সুনিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে আলাদা ফেসিলিটি ম্যানেজার নিয়োগ, হাসপাতালের দৃশ্যমান স্থানে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় ডিসপ্লে বোর্ড লাগানো এবং অভিযোগ জানানোর জন্য টোল-ফ্রি কলব্যাক ব্যবস্থার মতো কঠোর নিয়ম চালু করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের লক্ষ্য, এই উদ্যোগের ফলে একদিকে যেমন গরিব মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন, অন্যদিকে সরকারি হাসপাতালগুলির ওপর রোগীর চাপও অনেকটা কমবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *