রাজ্যের নাম বদলের প্রস্তাব আসছে বিধানসভায়, একাধিক নতুন বিল ও নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই অধিবেশনেই রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আগামী ৯ ডিসেম্বর এই প্রস্তাব পেশ করা হবে।
রাজ্য সরকার এই শীতকালীন অধিবেশনে নাম বদলের প্রস্তাব ছাড়াও মোট আটটি নতুন বিল আনার পরিকল্পনা করেছে।
পাশাপাশি, রাজ্যের অনাথ আশ্রম ও প্রতিবন্ধী আশ্রমের আবাসিকদের জন্য খাবারের দৈনিক বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই খাতে মাথাপিছু ৫৬ টাকা বরাদ্দ ছিল, যা বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই বর্ধিত বরাদ্দ কার্যকর হবে। উল্লেখ্য, ২০১৭ সালের পর থেকে এই বরাদ্দ আর বাড়ানো হয়নি।
রাজ্যে কর্মসংস্থান ও নিয়োগের বিষয়েও মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। বিভিন্ন দফতরে মোট ১০,১৪৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ও পুলিশ বিভাগে প্রায় ৯,২০০টি পদ রয়েছে। এছাড়াও অ্যান্টি-নার্কোটিক শাখা, সাইবার ও পর্যটন দফতরেও নিয়োগ হবে। পিএসসি, পিআরবি ও স্বাস্থ্য দফতরের মাধ্যমে ধাপে ধাপে রাজ্যে এক লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণের কথা তিনি পুনর্ব্যক্ত করেছেন।