অসুস্থ আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ নজর চিকিৎসায়

আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। প্রথমে তাঁকে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। কিন্তু উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সে করে তাঁকে কলকাতার হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং ব্যথার কারণ নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধায়কের চিকিৎসায় যাতে কোনো খামতি না থাকে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। দলীয় নেতৃত্বও বিধায়কের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।
এদিকে, রাজ্যের আরও এক বিজেপি বিধায়ক রেখা পাত্রও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে বিষাক্ত লালারস ঢুকে পড়ার কারণে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে। সোমবার বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বিপদ পুরোপুরি কাটেনি। বিধায়িকাকে আপাতত ক্রিটিকাল কেয়ার সাপোর্টে রেখে চিকিৎসা চালানো হচ্ছে এবং তাঁকে হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।