বিসলেরির জল নিয়ে বিভ্রান্তি: FSSAI-এর নিষেধাজ্ঞা একটি নির্দিষ্ট ব্যাচেই সীমাবদ্ধ, জানাল সংস্থা

ভারতীয় খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (FSSAI) কর্তৃক বিসলেরির জলের উপর আরোপিত বিক্রয় নিষেধাজ্ঞা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা নিরসনে সংস্থাটি একটি স্পষ্টীকরণ জারি করেছে। বিসলেরি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র একটি নির্দিষ্ট ব্যাচের জলের ক্ষেত্রেই প্রযোজ্য।
সংস্থার দাবি অনুযায়ী, জিও ২৭০ ব্যাচ নম্বরযুক্ত এই জলটি ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর গোয়া প্ল্যান্টে উৎপাদিত হয়েছিল। বিসলেরি আরও উল্লেখ করেছে যে, ওই নির্দিষ্ট ব্যাচের কোনো স্টক বর্তমানে বাজারে নেই।
সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের ২৩ নভেম্বর FSSAI-এর পুনঃপরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার নিচেই পাওয়া গিয়েছিল। তবে, একই ব্যাচের ছয়টি নমুনার মধ্যে একটিতে প্রতি লিটারে ০.১৪৪ মাইক্রোগ্রাম পিএএইচ-এর উপস্থিতি ধরা পড়ে। বিসলেরির দাবি, একই ব্যাচের অন্য নমুনাগুলি সমস্ত মানদণ্ড পূরণ করেছে।
পরীক্ষার রিপোর্টে এই অসঙ্গতির কারণে সংস্থাটি পিএএইচ পুনঃপরীক্ষার আবেদন জানিয়েছিল এবং FSSAI-এর সঙ্গে আইনি ও নিয়ন্ত্রক প্রক্রিয়ায় সহযোগিতা বজায় রেখেছে। বিসলেরি স্পষ্ট করেছে যে, গোয়া প্ল্যান্ট বন্ধ রাখার কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং পরবর্তী সময়ে সেখানকার উৎপাদিত নমুনা FSSAI-এর সব মানদণ্ড পূরণ করেছে।
এরপর থেকে তাদের কোনো প্ল্যান্টের নমুনাতেই পিএএইচ সংক্রান্ত কোনো ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি। ভোক্তাদের বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার পরামর্শ দিয়ে সংস্থাটি জানিয়েছে, পণ্যের গুণমান ও খাদ্য নিরাপত্তা বজায় রাখাই তাদের মূল অগ্রাধিকার। মিথ্যা প্রচারের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বিসলেরি।