যুবশক্তি ভরসা কার্ড কোথায়? সরকারি রিপোর্টে নাম না থাকায় দুশ্চিন্তায় লাখ লাখ যুবক!
রাজ্য সরকারের চার দিনের মেগা জনকল্যাণ শিবির ঘিরে তৈরি হয়েছে নতুন সরকারের ‘যুবশক্তি ভরসা কার্ড’ নিয়ে ব্যাপক ধোঁয়াশা। আগের সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের নাম ও রূপ পরিবর্তন করে নতুন এই কার্ডের মাধ্যমে রাজ্যের বেকারদের মাসে ৩০০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে এই শিবিরে কার্ডের আবেদন প্রক্রিয়া নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে এবং খোদ নবান্নের সাম্প্রতিক তথ্যেও এই প্রকল্পের কোনো উল্লেখ নেই।
শিবির শুরুর আগে এই কার্ডের জন্য আবেদনের সুযোগ পাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন প্রান্তের শিবিরে গিয়ে চাকরিপ্রার্থীরা কোনো নির্দিষ্ট ফর্ম বা পরিষেবা পাননি। প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর না মেলায় চরম হতাশ হতে হয়েছে অংশগ্রহণকারীদের। এছাড়া শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা প্রশাসনিক বৈঠকের রিপোর্টেও বেকার ভাতার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। ফলে ‘যুবসাথী’ প্রকল্পের ৫৫ লক্ষ উপভোক্তার ভবিষ্যৎ এবং নতুন কার্ডের বাস্তবায়ন নিয়ে সংশয় আরও তীব্র হয়েছে।