মোবাইল আসক্তি: শিশুদের ভাষার বিকাশে বাবা-মায়ের ভূমিকা

শিশুদের ভাষার বিকাশে বাবা-মায়ের মোবাইল ফোন ব্যবহারের অভ্যাস কতটা প্রভাব ফেলে, তা নিয়ে সম্প্রতি পর্তুগালের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ৩ থেকে ৫ বছর বয়সি ৯৩টি শিশুর পরিবারের ওপর চালানো এই গবেষণায় দেখা গেছে, কাজের সময়ের বাইরে বাবা-মায়ের ফোনের প্রতি আসক্তি এবং শিশুদের রাতে ট্যাবলেট ব্যবহারের প্রবণতা তাদের কথা বলার দক্ষতা অর্জনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
গবেষকরা বলছেন, যখন একটি শিশু নতুন শব্দ শিখতে চেষ্টা করে, সেই সময় বাবা-মা যদি ফোনে ব্যস্ত থাকেন, তবে তাদের মধ্যে স্বাভাবিক কথোপকথনের সুযোগগুলি কমে যায়। এর ফলে শিশুর শব্দভাণ্ডার বৃদ্ধিতে বাধা সৃষ্টি হতে পারে। এই একই ধরনের তথ্য ২০২৪ সালে প্রকাশিত JAMA Pediatrics-এর একটি গবেষণাতেও পাওয়া গেছে। সেখানে দেখা গেছে, বাড়িতে বড়দের স্ক্রিন টাইম বাড়লে শিশুদের সঙ্গে তাদের কথোপকথনের আদান-প্রদান কমে যায়, যার ফলে শিশুরা নতুন শব্দ শেখা ও উচ্চারণের ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারে।
তবে গবেষকরা এও স্পষ্ট করেছেন যে, ফোন ব্যবহারের সঙ্গে ভাষার বিকাশে সমস্যার একটি যোগসূত্র পাওয়া গেলেও এটিই একমাত্র কারণ নয়। তাই বাবা-মায়ের ফোন ব্যবহার মানেই সন্তানের কথা বলতে দেরি হবে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর অবকাশ নেই। বিশেষজ্ঞরা সন্তানের ভাষার বিকাশে বাবা-মাকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। পরিবারের সকলে একসঙ্গে খাওয়ার সময় ফোন দূরে রেখে সন্তানের সঙ্গে গল্প করা, প্রতিদিন গল্পের বই পড়ে শোনানো এবং শিশু কিছু বলতে চাইলে তার কথা শেষ হওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা জরুরি। এছাড়া ঘুমানোর আগে ডিজিটাল ডিভাইসের বদলে গল্প বলা বা বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং ছড়া, গান বা খেলার মাধ্যমে সন্তানের সঙ্গে মুখোমুখি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।