বোতলজাত জলের মান নিয়ে কড়া FSSAI: কারখানা পরিদর্শন ও নমুনা সংগ্রহের নির্দেশ

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) বোতলজাত পানীয় জলের গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষকে বোতলজাত পানীয় জলের কারখানা পরিদর্শন এবং নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ নভেম্বরের নির্দেশিকায় সংস্থাটি জানিয়েছে, প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ও মিনারেল ওয়াটারের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও আইন প্রয়োগের প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে পেপসি, কোকা-কোলা, টাটা কনজিউমার প্রোডাক্টস এবং রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টসের মতো প্রথম সারির সংস্থাগুলিও এখন থেকে বাড়তি নজরদারির আওতায় আসতে পারে। সম্প্রতি বিসলেরির জলের নমুনায় ব্রোমেটের উপস্থিতি মেলার পর এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্রোমেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে বলে জানা গিয়েছে। যদিও বিসলেরি কর্তৃপক্ষ তাদের নিজস্ব পরীক্ষায় কোনো ত্রুটি পাওয়ার কথা অস্বীকার করেছে।
তবে এই ঘটনার পর থেকেই বোতলজাত পানীয় জলের সার্বিক মান নিয়ে কোনো রকম আপস করতে নারাজ খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। নিয়ম লঙ্ঘনকারী সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে বোতলজাত পানীয় জলের বাজার বর্তমানে প্রায় ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের। সাধারণ পানীয় জলের পাশাপাশি প্রিমিয়াম জলের চাহিদাও দ্রুত বাড়ছে। এই ক্রমবর্ধমান বাজারে ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করাই এখন FSSAI-এর মূল লক্ষ্য। সংশ্লিষ্ট আধিকারিকেরা জানিয়েছেন, আগামী দিনে বিভিন্ন নমুনা পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।