মেমারিতে বিজেপি কর্মীদের ওপর হামলা, দলীয় কোন্দলেই রক্ত ঝরল রাস্তায়! – বর্তমান বাংলা

নিজস্ব সংবাদদাতা, মেমারি: দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দলে রণক্ষেত্র হয়ে উঠল মেমারির পূর্ব জিকরা গ্রাম। বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন তিন জন। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রাতে মেমারির পূর্ব জিকরা গ্রামের বিজেপি পার্টি অফিসে পরের দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। সেই সময় দলেরই একাংশ কর্মী বিভিন্ন স্থানে পতাকা লাগাতে শুরু করেন। অভিযোগ, পতাকা লাগানোর ধরন নিয়ে ছিদাম হালদার ও তাঁর সঙ্গীদের সঙ্গে ওই কর্মীদের বচসা বাঁধে। মুহূর্তের মধ্যে সেই বচসা সংঘর্ষের আকার নেয়। অভিযোগ, অভিযুক্তরা লাঠি ও লোহার রড নিয়ে ছিদাম হালদার, সুনীল রাজক ও হরনাথ কর্মকারের ওপর অতর্কিত হামলা চালায়।
আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, হামলায় আহত সুনীল রাজকের মাথায় সাতটি এবং হরনাথ কর্মকারের মাথায় ১৫টি সেলাই পড়েছে। ছিদাম হালদারের হাতেও তিনটি সেলাই পড়েছে।
ঘটনার রাতেই গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ বোহার গ্রামে অভিযান চালিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতদের বাড়ি মেমারির পূর্ব জিকরা গ্রামেই। আজ তাঁদের বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হলে বিচারক দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। দলীয় পতাকাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।