মায়ের নিথর দেহের পাশে ২৪ ঘণ্টা, না বোঝাই শিশুটির অঝোর কান্না!

উত্তরপ্রদেশের গোণ্ডায় মায়ের মৃত্যুর পর দীর্ঘ ২৪ ঘণ্টা তার মৃতদেহের পাশেই বসে রইল সাত বছরের শিশু অর্পিত। যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সী গীতা দেবীর মৃত্যুর পর অবুঝ শিশুটি মাকে ঘুমন্ত ভেবে বারবার ডাকার চেষ্টা করে। ঘটনার দীর্ঘ সময় পর প্রতিবেশীরা দুর্গন্ধ অনুভব করলেও সাহায্যের জন্য এগিয়ে আসেননি। পরবর্তীতে স্থানীয় একটি সমাজসেবী সংগঠন খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে এবং গীতা দেবীর কোনো আত্মীয়ের খোঁজ না মেলায় তারাই তাঁর শেষকৃত্যের আয়োজন করে। শ্মশানে সাত বছরের অর্পিতের কাঁপা হাতে মায়ের মুখাগ্নির সেই হৃদয়বিদারক দৃশ্য উপস্থিত সকলকে অশ্রুসজল করে তোলে।

ঘটনার পর অনাথ হয়ে পড়া অর্পিতের দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। গোণ্ডার জেলাশাসক প্রিয়াঙ্কা নিরঞ্জন জানিয়েছেন, শিশুটির পড়াশোনার যাবতীয় খরচ বহন করবে জেলা প্রশাসন। আপাতত অর্পিতকে স্থানীয় একটি সরকারি শিশু হোমে রাখা হয়েছে এবং তার সার্বিক দেখভালের জন্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *