ঝালমুড়ির আড্ডায় অমিত শাহর চাঞ্চল্যকর মন্তব্য, দিল্লির রাজনীতিতে তুফান!
দিল্লির প্রগতি ময়দানে ‘ভারত মণ্ডপম’-এ আয়োজিত এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ শীর্ষ নেতাদের জন্য নিজ হাতে ঝালমুড়ি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবারের এই বৈঠকে ঝালমুড়ি খাওয়ার ঘরোয়া মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। প্রধানমন্ত্রী মোদী নিজেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই ঝালমুড়ি বিরতির অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
বৈঠকের এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি টুইট নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর টুইটে ‘Tangy’, ‘Masaledar’ এবং ‘Crunchy’ শব্দ তিনটির আদ্যক্ষর ‘T’, ‘M’, ‘C’ বড় হাতের অক্ষরে লেখেন, যা তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংক্ষিপ্ত রূপের প্রতি এক ধরনের ইঙ্গিত বলে প্রতীয়মান হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার সাম্প্রতিক বিধানসভা নির্বাচন এবং তৃণমূলের রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে এই প্রতীকী বার্তার মাধ্যমে বিরোধীদের চাপে রাখার কৌশল নিয়েছে বিজেপি।