মাত্র ৫ টাকায় ভরপেট মাংস-ভাত, অবিশ্বাস্য এই উদ্যোগ নজর কাড়ছে সবার! – বর্তমান বাংলা

মাত্র ৫ টাকায় ভরপেট মাংস-ভাত, অবিশ্বাস্য এই উদ্যোগ নজর কাড়ছে সবার! – বর্তমান বাংলা

শান্তিপুর পুরসভার উদ্যোগে মাত্র পাঁচ টাকায় দুস্থদের মাংস-ভাত পরিবেশন

নিজস্ব প্রতিবেদক, শান্তিপুর: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মাত্র পাঁচ টাকার বিনিময়ে দুস্থ ও খেটে খাওয়া মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে শান্তিপুর পুরসভার একটি কমিউনিটি ক্যান্টিন। শুধু তাই নয়, বিশেষ দিনে উপভোক্তাদের পাতে মাংস-ভাত তুলে দিয়ে মানবিকতার নজির গড়ল পুরসভা ও স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠী।

২০২১ সাল থেকে স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠীর পরিচালনায় এই ক্যান্টিনটি নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। গোষ্ঠীর সদস্যা মায়া দাস জানান, সপ্তাহের সোম ও শুক্রবার মাছ, বুধ ও শনিবার ডিম এবং বাকি তিন দিন ডাল-সবজি ও ভাত মেনু হিসেবে থাকে। তবে দুর্গাপূজার সময় উপভোক্তাদের মাংসের আবদার ছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, পূজার ছুটির পর এদিন প্রথমবার মেনুতে রাখা হয় মাংস-ভাত।

বর্তমানে এই ক্যান্টিন থেকে প্রতিদিন গড়ে প্রায় ১১০টি মিল পরিবেশন করা হয়। অনেক উপভোক্তা নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও খাবার নিয়ে যান। মায়া দাস বলেন, “আর্থিক লাভের চেয়েও সাধারণ মানুষের সেবা করাই আমাদের মূল উদ্দেশ্য।”

মাত্র পাঁচ টাকায় পুষ্টিকর খাবার পেয়ে খুশি স্থানীয়রা। নিয়মিত গ্রাহক চন্দনা বিশ্বাস কর্মকার বলেন, “বাজারের অগ্নিমূল্যের বাজারে এই ক্যান্টিন আমাদের জন্য বড় ভরসা। এদিন মাংস পেয়ে সবাই খুব আনন্দিত।” অপর এক উপভোক্তা অঞ্জনা কেরামণির কথায়, “পাঁচ টাকার এই আহার আমাদের মতো সাধারণ পরিবারের কাছে আশীর্বাদস্বরূপ।”

শান্তিপুর পুরসভার এই জনকল্যাণমূলক উদ্যোগ এলাকায় প্রান্তিক মানুষের মুখে হাসি ফুটিয়েছে। পুরসভার এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *