মাঠে নামার আগে কোকেন সেবন! বড়সড় বিতর্কে কেকেআরের প্রাক্তন তারকা? – বর্তমান বাংলা

ডোপিংয়ের দায়ে এক মাসের নিষেধাজ্ঞা শেষে ফিরলেন ক্রিস লিন
নর্থহ্যাম্পটন: ডোপিং পরীক্ষায় ব্যর্থ হয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার ক্রিস লিন। নর্থহ্যাম্পশায়ারের হয়ে খেলার সময় রুটিন ডোপ পরীক্ষায় তাঁর নমুনায় ‘বেনজোইলেকগনিন’ নামক কোকেনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। শুক্রবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসিবি জানায়, কোনো নির্দিষ্ট ওষুধ সেবনের ফলে অজান্তেই এই নিষিদ্ধ উপাদান লিনের শরীরে প্রবেশ করে। যদিও এই উপাদান তাঁর পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি, তবুও ডোপিং নীতিমালা অনুযায়ী এটি অপরাধ হিসেবে গণ্য হয়েছে। নিজের দোষ স্বীকার করায় শুরুতে তাঁকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়। তবে পরবর্তী সময়ে রিহ্যাব প্রক্রিয়ায় দ্রুত উন্নতি দেখানোর কারণে তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে এক মাস করা হয়েছে। বর্তমানে লিনের সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।
উল্লেখ্য, ৩৬ বছর বয়সী ক্রিস লিন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এবং বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলে আসছেন। বিগ ব্যাশ লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক লিন আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে ১৮টি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করেছেন তিনি। আসন্ন বিগ ব্যাশ মরশুমে তাঁকে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলতে দেখা যাবে।