মাইক বন্ধ থেকে মোবাইল কাড়াকাড়ি! বিধানসভার অন্দরের অভিজ্ঞতায় বিস্ফোরক হিরণ
বিধানসভায় বিরোধী কণ্ঠস্বর দমন ও মাইক্রোফোন বন্ধের অভিযোগ তুললেন বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়
কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায়। বিধানসভার অন্দরে বিরোধী বিধায়কদের কথা বলার অধিকার খর্ব করার অভিযোগ তুলে তিনি দাবি করেন, গত কয়েক বছর ধরে সেখানে গণতান্ত্রিক পরিবেশ ও স্বচ্ছতার চরম অভাব ছিল। হিরণ্ময় চট্টোপাধ্যায়ের অভিযোগ, অতীতে তাঁর বক্তব্য রাখার সময় ইচ্ছাকৃতভাবে মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হতো এবং তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে বিরোধীদের মত প্রকাশের স্বাধীনতাকে অবলুপ্ত করার চেষ্টা করা হতো।
বিধায়ক আরও অভিযোগ করেন যে, বিধানসভার অন্দরে বিরোধী বিধায়কদের ওপর কেবল মানসিক নয়, শারীরিক চাপও প্রয়োগ করা হয়েছে। তিনি জানান, একবার বিধানসভার অভ্যন্তরীণ পরিস্থিতি ভিডিওবন্দি করার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা জোর করে তাঁর মোবাইল ফোনটি কেড়ে নেন। তাঁর দাবি, অনেক ঘটনা জনসমক্ষে না এনে বন্ধ দরজার আড়ালে চেপে রাখা হতো। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করে হিরণ্ময় চট্টোপাধ্যায়ের দাবি, এখন বিধানসভায় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে। এই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।