মসজিদ থেকে লাউডস্পিকার খুলবেন না! নবান্নে আর্জি মুর্শিদাবাদের দুই সাংসদের
দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তৃণমূলের দুই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান। এই বৈঠকে এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন তালিকা থেকে ২৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে আলোচনার পাশাপাশি মসজিদের লাউডস্পিকার প্রসঙ্গটিও উঠে আসে। দুই সাংসদ মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান যেন মসজিদ থেকে মাইক্রোফোন বা লাউডস্পিকার সরানো না হয়। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হবে না।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে সাংসদদের এনডিএ-কে একটি পরিবার হিসেবে উল্লেখ করে সংসদীয় বিতর্কে সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এনডিএ জোটে সরাসরি যোগদানের বিষয়ে দ্বিমত পোষণ করে আবু তাহের খান ও খলিলুর রহমান জানিয়েছেন, তাঁরা এনডিএ-র ব্যানারে ডাকা কোনো মিটিংয়ে অংশ নেবেন না, তবে এনসিপিআই সাংসদ হিসেবে ডাকলে যেতে পারেন। আবু তাহের জানিয়েছেন, ভোটার তালিকা ও মুসলিম সম্প্রদায়ের আবেগ নিয়ে উদ্বেগের কথা তাঁরা এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও তুলে ধরেছেন।