মমতার ভরসা শওকতের ওপর!
ভাঙড়ে শওকতের জন্য নিজের নিরাপত্তা ছাড়ার আকস্মিক ঘোষণা মমতার
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে, শনিবার ভাঙড়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার সমর্থনে এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের নিরাপত্তা নিয়ে এক নজিরবিহীন মন্তব্য করেন। তিনি বলেন, তাঁর নিজের নিরাপত্তার প্রয়োজন নেই, বরং সেই নিরাপত্তা যেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে দেওয়া হয়। শওকতকে নিজের “ডান হাত” হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে, আসন্ন নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনি শওকত মোল্লার উপর আস্থা রাখছেন।
সম্প্রতি বিজেপি প্রার্থীর বাড়িতে শওকত মোল্লার সৌজন্য সাক্ষাৎ ঘিরে যে ‘সেটিং’ তত্ত্বের বিতর্ক দানা বেঁধেছিল, তা নস্যাৎ করতেই মুখ্যমন্ত্রী এদিন মঞ্চ থেকে শওকতের উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। তিনি জানান, শওকত জিতলে ভাঙড়ের উন্নয়নের সমস্ত দায়িত্ব তিনি নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিরোধীদের চক্রান্ত রুখতে এবং দলের কর্মীদের মনোবল বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেগপ্রবণ ও রণকৌশলগত অবস্থান নিয়েছেন।
পাশাপাশি, বিরোধীদের “গদ্দার” আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী ভাঙড়ের শিল্পায়নের উপর জোর দেন। তিনি দাবি করেন, লেদার হাবে ইতিমধ্যেই ৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ভবিষ্যতে আরও বিপুল চাকরির সুযোগ তৈরি হবে। স্থানীয় অর্থনীতির উন্নয়নের মাধ্যমে ভাঙড়ের মানুষের মন জয় করতে চাইছেন তৃণমূল নেত্রী। শওকত মোল্লার জয় নিশ্চিত করতে তিনি ভোটারদের প্রতি জোরালো আবেদন জানান।