মধ্যরাতে রণক্ষেত্র বাগডোগরা বিমানবন্দর, স্পাইসজেট কর্মীদের সাথে যাত্রীদের চরম সংঘাত!
বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি উড়ান বাতিলকে কেন্দ্র করে যাত্রী ও বিমান সংস্থার কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ১৩ জুন বিকেল ৪টা ১০ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল স্পাইসজেটের এসজি ১৫১ বিমানটির। যাত্রীদের অভিযোগ, দফায় দফায় সময় পরিবর্তনের পর শেষ পর্যন্ত বিমানটি বাতিল করা হয়। এই সিদ্ধান্ত এবং বিমানবন্দরে যাত্রীদের নিম্নমানের খাবার ও থাকার মতো কোনো বিকল্প ব্যবস্থা না করায় ক্ষুব্ধ যাত্রী ও বিমান সংস্থার কর্মীদের মধ্যে চরম বাগবিতণ্ডা ও গালিগালাজ শুরু হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া এবং বাগডোগরা বিমানবন্দরের নির্দিষ্ট সময়সীমা সংক্রান্ত বিধিনিষেধের কারণেই উড়ানটি বাতিল করতে হয়েছে। বিমান সংস্থাটি আরও জানিয়েছে যে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকারযোগ্য। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পেশাদারিত্ব বজায় রাখতে গালিগালাজে লিপ্ত সংশ্লিষ্ট কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।