ভোটের দিনে রক্তাক্ত বাংলা, উত্তাল বুথে নেই কোনো নিরাপত্তা!

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চবিদ্যালয়ে বৃহস্পতিবার পোস্টাল ব্যালটে ভোটগ্রহণকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভোটার ও ভোটকর্মীদের একাংশের অভিযোগ, ভোটগ্রহণের সময় ব্যবহৃত ব্যালট বাক্সগুলোতে কোনো তালা, সিল বা গালার চিহ্ন ছিল না। পাশাপাশি বুথের ভেতরে অবাধে মোবাইল ফোনের ব্যবহার এবং ভোটারদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এই ঘটনার জেরে স্কুল চত্বর রণক্ষেত্রে পরিণত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বালুরঘাট থানার আইসি, ডিএসপি এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

এই বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী বিদ্যুৎকুমার রায় এবং তৃণমূলের শহর সহ-সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বাধীন কর্মী-সমর্থকরা উপস্থিত হলে উত্তেজনা আরও বাড়ে। বিজেপি প্রার্থী বুথ দখলের অভিযোগ তুললেও তৃণমূলের পাল্টা দাবি, বিজেপিই কমিশনকে ব্যবহার করে প্রহসন করছে। পরবর্তীতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী স্কুল চত্বর থেকে বহিরাগতদের বের করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভোটগ্রহণ পুনরায় শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাটের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *